কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়।
সোমবার (৯ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন।
মামলার অপর দুই আসামি হলেন- পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।
অভিযোগ অনুযায়ী, হিসাব পরিচালনা ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে তাঁরা তৎকালীন মেয়রকে সহযোগিতা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরে ‘দরিদ্র তহবিল’ নামে একটি হিসাব খোলেন।
এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজুলেশন ছাড়াই আবেদনকারীদের কাছ থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করা হয়। এসব অর্থ পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ জড়িত।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন