ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটের অধিকার ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজ কেন্দ্র ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নতুন গণতন্ত্রের নতুন সূর্য উদিত হবে। মানুষ ভোট গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে ভালোবাসে। আজকের সুন্দর সকালে আমরা দেখতে পাচ্ছি শান্তিপ্রিয় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। আমি আশাবাদী, কোনো অপশক্তি, কোনো পরাজিত গোষ্ঠী এ দেশ শাসন করার অধিকার রাখে না। আমরা মনে করি, একাত্তরের দোসররা এখনো বিভিন্ন আবরণে এ দেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে চায়। আজকের দিন ইতিহাসে ঐতিহাসিক দিন হিসাবে আখ্যায়িত হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ।
ময়মনসিংহ-৪ সদর আসনে মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫০ হাজার ২৯১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১০ জন।
এই আসনে সিটি করপোরেশনসহ ১১টি ইউনিয়নের ১৭৯টি কেন্দ্রের মোট ১ হাজার ২৬৩ কক্ষে চলছে ভোটগ্রহণ।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৪ সদর আসনে মোট প্রার্থী ৯ জন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় পার্টির আবু মো. মুসা সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলনের মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. হামিুদল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শেখর কুমার রায়।


