মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর, দৌলতপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই শিবালয় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শিবালয় উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠ ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উৎসবের আমেজে তারা ভোট দিতে পেরে আনন্দিত। অনেক ভোটার বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
এদিকে, সকাল থেকেই ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন