নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উপজেলার ৫৩টি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৬৪,৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১,৮৪৭ জন এবং নারী ভোটার ৮২,৮৪২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। নির্বাচনে ৫৩টি ভোটকেন্দ্রে ৫৩ জন প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৩২০ জন। মোট ৩২০টি বুথে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে দায়িত্ব পালনে থাকবেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং টিম, ২ প্লাটুন বিজিবি এবং প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য।
নওগাঁ-২ আসনের অধীনে এই উপজেলায় নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।
এ ছাড়া দাঁড়িপাল্লা প্রতীকে অংশ নিয়েছেন নওগাঁ জেলা শাখার জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক এবং ঈগল প্রতীকে অংশ নিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত প্রার্থী মো. মতিবুল ইসলাম বুলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

-20260212124018.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন