রাজশাহীর দুর্গাপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দুর্গাপুর পৌরসভার ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তি জামায়াতে ইসলামীর সমর্থক মিঠুন। তিনি দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চড়াও হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন