আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে দুই পরিবারের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরি সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, চোরেরা গভীর রাতে গোয়ালঘরের দরজা ভেঙে ও তালা কেটে গরুগুলো নিয়ে যায়। এর মধ্যে মিতু কামাল উদ্দিনের বাড়ি থেকে দুটি এবং একই এলাকার মোহাম্মদ আইয়ুবের ঘর থেকে একটি গরু চুরি হয়। চুরি যাওয়া তিনটি গরুর মূল্য প্রায় ৯ লাখ টাকা।
মিতু কামালের ছেলে মোহাম্মদ ফুরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরের দিকে পাশের বাড়িতে গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘর পরীক্ষা করে দেখেন দরজা ভাঙা ও তালা কাটা। পরে দুটি গরু না পেয়ে নিশ্চিত হন সেগুলো চুরি হয়েছে। একই সময়ে পাশের বাড়ি থেকেও একটি গরু নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে দ্রুত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন