অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।
প্রথমে জেলা প্রশাসক ইকবাল হোসেন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। প্রতিবছরের মতো এ বছরও জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির মধ্য দিয়েই কুষ্টিয়ায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পর্যায়ক্রমে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি মাতৃভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার পেয়েছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানা, সেখান থেকে শিক্ষা গ্রহণ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

-20260221022334.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন