× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

হজের প্রস্তুতি নিয়ে যা বললেন বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন হজকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে উন্নত ও মানসম্মত সেবা পান—সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজের মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকারভিত্তিতে পর্যালোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিনের অভিযোগ হিসেবে পরিচিত বিমানের টিকিট সিন্ডিকেট ইস্যুতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিন হয়েছে। তবে এই স্বল্প সময়েও আমরা নিষ্ক্রিয় ছিলাম না। মন্ত্রণালয়ের বিভিন্ন স্থগিত ও জটিল বিষয় চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।'

পর্যটন খাতের সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, মানিকগঞ্জে একাধিক ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে। সেগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তবে এর আগে পদ্মা নদীর নদীশাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নদীশাসন সম্পন্ন হলে পদ্মা নদীকেন্দ্রিক আধুনিক ও আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সংশ্লিষ্ট সবাইকে সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিদ্যমান নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।

মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার প্রথম মানিকগঞ্জ সফর। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!