জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কৃষক তৈয়ব আলীর গোয়ালঘরে রাখা কয়েলের আগুন থেকে মশারিতে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোয়ালঘরে। আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন