ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নয়; বরং এ নির্বাচনের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সব নির্বাচনে আরও শক্তিশালীভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।
মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালালসহ ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি জনগণের আস্থা অর্জন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভায় জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী ও নাছির আহম্মেদ চৌধুরী, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন