জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পড়ার ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ১২ থেকে ১৩ বছর বয়সি ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এরপর রাত সাড়ে ১০টার দিকে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে, তবে নিখোঁজদের উদ্ধারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনায় শতাধিক মানুষ নদে পড়ে যায়।
সন্ধ্যা পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। রাতে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।
নিহতরা হলো- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪) এবং জয়নালের ছেলে মিহাদ (১২)।
স্থানীয়দের ভাষ্য, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুটিতে অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে। এতে অনেকেই ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত চিকিৎসাধীন রয়েছে। আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে, তবে নিখোঁজদের উদ্ধারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন