যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী শিশু কন্যা সেহেরিশ।
এই ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই আত্মীয়ের বাড়ি থেকে প্রাইভেট কার যোগে মণিরামপুরের ফাতেহাবাদ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল বটগাছের সাথে সজোরে ধাক্কা খায়।
এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন