পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা বাসাকে টার্গেট করে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. মাহমুদ হক মিলন (৪০) গত ২২ মার্চ পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল জেলায় আত্মীয়ের বাসায় বেড়াতে যান। এ সময় তাদের নিজ বাসা তালাবদ্ধ ছিল।
এই সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে ব্যবসার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, প্রায় ৮ আনি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়টি প্রকাশ পায় আজ সকালে। পাশের এক প্রতিবেশী মিলনের পালিত কবুতরকে খাবার দিতে গিয়ে ঘরের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে মিলনকে বিষয়টি জানালে তিনি টাঙ্গাইল থেকে দ্রুত ফিরে এসে ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।
ভুক্তভোগী মাহমুদ হক মিলন জানান, ঘটনার পর আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এতে তিনি চরম হতাশার মধ্যে রয়েছেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন