নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব যশোরের অধিনায়ক এ টি এম ফজলে রাব্বি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটে বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে ট্রাকচালক সুজাত আলীকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যা ৬টায় যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরেকজন জহুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার বর্ণনায় জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত আলী ও তার সহকারী জহুর ডিজেল নিতে যান। কিন্তু মজুদ শেষ হয়ে যাওয়ায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদার তাঁদের তেল দিতে অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হন ট্রাকচালক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একপর্যায়ে উত্তেজনা বাড়লে ট্রাকচালক প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ ও তাঁর সহকর্মী জিহাদ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে পেছন থেকে দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন। আহত জিহাদকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক। আহত জিহাদুল ইসলাম (২৭) একই এলাকার জহুরুল মোল্লার ছেলে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জ্বালানি তেল নিয়ে বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পূর্ববিরোধ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নাহিদ সরদার হত্যার প্রতিবাদে জেলার ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু। তিনি জানান, ঘটনার প্রতিবাদে জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন