চাঁপাইনবাবগঞ্জে সারা দেশের তুলনায় হামের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে যান এবং রোগীদের সেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি বুলবুল বলেন, দেশের মোট হামের রোগীর প্রায় ১০ শতাংশ চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছে, যা উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি, কারণ ৯ মাসের আগে সাধারণত হামের টিকা দেওয়া হয় না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৬ মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়া হবে এবং আগামী ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছিল। এ সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে একটি পানি পরিশোধন ফিল্টার স্থাপন করা হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ৮–১০টি ফিল্টার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত দায়িত্বশীল হয়ে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।
এমপি বুলবুল আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরেই অবহেলিত এলাকা। ২৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে এখানে ১০০ শয্যার অনুপাতে জনবল ও সুবিধা ছিল। ইতোমধ্যে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন