গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকরাম আলী ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএমপি।
পুলিশ সূত্রে জানা যায়, ইকরাম আলীর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামে। তার বাবা আব্দুল জলিল মাতবর ও মা সূর্য বেগম—দুজনেই প্রয়াত। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত ১৩ মার্চ তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত করা হয়।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে দায়িত্ব পালনকালে গাজীপুর মহানগরের সদর থানাধীন হোসেন পেট্রোল পাম্পসংলগ্ন ধান গবেষণা কেন্দ্রের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন বিকেল চারটায় জিএমপির সদর থানা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নিজ গ্রাম ফরিদপুরের ভাঙ্গায় পাঠানো হয়।
কর্তব্যরত অবস্থায় তার মৃত্যুতে জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ সব কর্মকর্তা ও সদস্য শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন