অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে ফেনীর সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা সমবায় অফিসার মো. হানিফ, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা বেগম, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আবদুল্লাহ এবং উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সায়েম।
এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু ও আশ্রাফ হোসেন পাটোয়ারীসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, আউশ প্রণোদনার আওতায় সোনাগাজী উপজেলার মোট ৫ হাজার ৬শ জন কৃষকের প্রত্যেককে উন্নত জাতের 'ব্রি ধান-৯৮'-এর ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৯শ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন রোপণের মধ্যবর্তী সময়ে চাষ করা হয়। এই সময়ে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে প্রতি বছরই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে। কর্মসূচির প্রথম দিনে ২ হাজার জন কৃষাণ-কৃষাণীর মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন