ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৪৫ পিএম
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে র‌্যালি। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট ও অ্যাবন ফার্মার সৌজন্যে দিবসটির তাৎপর্য এবং ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক যা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী দায়িত্ব ও অবদান তুলে ধরেন। পরে ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে দিবসটি উপলক্ষে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ’র পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভিটিএইচ’র সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসসহ অনুষদের দেশি বিদেশি শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। গাকৃবি প্রশাসনের সহযোগিতা নিয়ে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেজারার বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিদের সরাসরি সেবা দেওয়া হয়।