যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাস রোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সকালে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। এদিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করে। প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাস রোধের আলামত দেখে এটি হত্যা বলে সন্দেহ করা হয়।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন