তীব্র ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘাট সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছিল না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করে। তবে হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, ফলে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



