নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হয়েছে আজ। আসামিদের ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। এ ছাড়া বক্তব্য দেন নিহত তাজুল ইসলামের বাবা আবুল কালাম, নিহত জাহাঙ্গীরের স্ত্রী নুপুর এবং তার মেয়ে রোজা।
বক্তারা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাদের লাশ মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিম্ন আদালতে আসামিদের ফাঁসির রায় দেওয়া হয়, যা পরবর্তীতে হাইকোর্টেও বহাল থাকে।
মানববন্ধনে সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামী সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।
তিনি আরও বলেন, ৭ খুনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে এ ঘটনার বিচার করবেন কেউ ছাড় পাবে না।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন