ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ এপ্রিল প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মতিগঞ্জ দলিল লেখক সমিতি'র নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানা যায়, বর্তমানে ৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সভাপতি পদে ৩ জন। তারা হলেন, মো. হানিফ, নাছির উদ্দিন ও মাঈন উদ্দিন। এবং সেক্রেটারি পদেও ৩ জন। তারা হলেন, জাহিদুল হক, আজিজুল করিম ও নজরুল ইসলাম রিপন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে লড়ছেন ২ জন। তারা হলেন, আবদুল মোতালেব ও মাইনুল হক শিমুল। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭ জন।
আরও জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ইতিপূর্বে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও এবারই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির সদস্যরা জানান, নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসবে, যা সাধারণ দলিল লেখকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা পেশাগত মান উন্নয়ন, সমিতির শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের কল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
মতিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এখন বিরাজ করছে সাজ সাজ রব। ভোটারদের মতে, প্রথমবারের মতো এই নির্বাচন একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। সাধারণ সদস্যরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনাররা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল এই বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন