ফেনীর সোনাগাজীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা এবং উপজেলা ইন্সট্রাক্টর হাজেরা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জি এম নাহিদুল হাসান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী সাহাদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রহিম উল্যাহ চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দারোগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন।
পুরস্কার বিতরণী বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ ফুটবলার তৈরিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিকেলে আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠ ছিল দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে খুদে খেলোয়াড়রা তাদের চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলায় চ্যাম্পিয়ন (বালিকা) অর্জন করে ছাড়াইত কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালক) দক্ষিণ চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং রানার্সআপ (বালিকা) সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুঠির বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন