ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মনোয়ারা শপিং কমপ্লেক্সে মঙ্গলবার গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আনিছুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে চোর চক্র শপিং কমপ্লেক্সের ‘প্রিয়া কনফেকশনারি’র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার সকালে ব্যবসায়ীরা দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এটি একটি পরিকল্পিত চুরি। চোরচক্র দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার সম্পদ নিয়ে গেছে, যা তাদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।
চুরির খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মতিগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ীরা এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
মতিগঞ্জ বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন বলেন, এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা। বিষয়টি সকালে জানার পর আমরা সোনাগাজী মডেল থানাকে অবগত করেছি।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন