কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটি থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
অভিযানকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত ডিঙি নৌকাটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন