মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বুধবার রাত ২টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন