রাজশাহীর আমের খ্যাতি যে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে গেছে, তারই যেন আরেকটি প্রমাণ মিলল মঙ্গলবার সকালে। পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আমবাজারে হাজির হন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টমাস ক্রিস্টেনসেন। তার সঙ্গে ছিলেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন বানেশ্বর আমবাজারে পৌঁছে রাষ্ট্রদূত বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। মৌসুমের ব্যস্ততম সময়ে দেশের অন্যতম বৃহৎ এই আমবাজারে তিনি বিভিন্ন জাতের আমের বেচাকেনা পর্যবেক্ষণ করেন।
বাজার সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত বিশেষভাবে ক্ষীরসাপাত (হিমসাগর), ল্যাংড়া, আম্রপালি ও বারি-৪ জাতের আমের বর্তমান বাজারদর, সরবরাহব্যবস্থা এবং ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে তিনি আম বিপণনের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন।
সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. নাইমুল হাসান, পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত সালমান এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আ. রাজ্জাক দুলাল। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, বিদেশি কূটনীতিকের এমন সফর রাজশাহীর আমশিল্পের প্রতি আন্তর্জাতিক আগ্রহ আরও বাড়াবে। আম উৎপাদন ও বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত বানেশ্বর বাজার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আম দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। রাষ্ট্রদূতের এই সফর সেই বাজারের গুরুত্বকেই নতুন করে সামনে নিয়ে এলো।
উল্লেখ্য, রাষ্ট্রদূত হিসেবে তিনি চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন।

-20260615233528.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন