বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি ট্রাক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছে। এতে রেস্টুরেন্টের ভেতরের বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র চূর্ণবিচূর্ণ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের দুপচাঁচিয়া ও পার্শ্ববর্তী কাহালু উপজেলার নাগর নদের তীরবর্তী ‘বারোমাইল’ নামক স্থানে অবস্থিত ‘গার্ডেন ভিউ’ রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি খালি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি মহাসড়ক ছেড়ে সজোরে গার্ডেন ভিউ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় রেস্টুরেন্টের ভেতরে থাকা শিশুদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী, দর্শনার্থীদের বসার আসন এবং সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হরেক রকমের গাছপালা দুমড়ে-মুচড়ে যায়। এতে রেস্টুরেন্টটির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
তবে দুর্ঘটনার সময় রেস্টুরেন্টটিতে কোনো দর্শনার্থী বা গ্রাহক না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন