মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়।
নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাতারপ্রবাসী ৫ জন জানাইঘাটের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তারা কানাইঘাটের গাছবাড়ি ও আশপাশ এলাকার বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়; দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে
এদিকে এমন মর্মান্তিক ঘটনার খবরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়েও বিরাজ করছে শোকের আবহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন