নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খেয়াঘাটে প্রতিদিনই দেখা মেলে ৭৫ বছর বয়সি মাঝি হোসেন আলীর। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও এখনো বৈঠা হাতে শীতলক্ষ্যার বুকে জীবিকার সন্ধানে নামেন তিনি। প্রায় চার দশক ধরে নদীর সঙ্গে জড়িয়ে থাকা এই মানুষটির জীবন আজ সংগ্রাম, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য গল্প।
একসময় শীতলক্ষ্যা নদীর স্বচ্ছ পানিতে নৌকা চালিয়ে সংসার চালাতেন হোসেন আলী। খেয়াঘাটের আয়েই সন্তানদের মানুষ করেছেন। বিশেষ করে গভীর রাতে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে তার নৌকাই ছিল অনেকের ভরসা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে নদীর রূপ। শিল্পকারখানার বর্জ্যে দূষিত হয়েছে পানি, বেড়েছে বড় বড় জাহাজ ও ভেসেলের চলাচল। ফলে ছোট নৌকা নিয়ে নদীতে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা সফিউল্লাহ বলেন, হোসেন মাঝি শুধু একজন মাঝি নন, তিনি এলাকার মানুষের আস্থার প্রতীক। রাত-বিরাতে অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে তিনি কখনো ফিরিয়ে দেননি। অনেক সময় বিনা ভাড়ায়ও মানুষ পারাপার করেছেন।
নদীর বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ করে হোসেন আলী বলেন, আগে নদীর পানি ছিল পরিষ্কার। এখন পানিতে হাত দিলেই চুলকানি হয়। বড় বড় জাহাজ চলাচলের কারণে ভয় নিয়েই নৌকা চালাতে হয়। অনেক মাঝি এই পেশা ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আর কোথায় যাব? এই নৌকাই আমার জীবন।
স্থানীয় প্রবীণ মৎস্যজীবী নুরুল ইসলাম জানান, একসময় শীতলক্ষ্যায় প্রচুর মাছ পাওয়া যেত। নদীর পানি ছিল স্বচ্ছ। বর্তমানে দূষণ ও ভারী নৌযানের কারণে নদীর পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। এতে নদীনির্ভর মানুষের জীবন-জীবিকাও সংকটে পড়েছে।
বয়সের ভার সত্ত্বেও নিজের ডিঙি নৌকার যত্ন নিতে ভুল করেন না হোসেন আলী। মাঝেমধ্যেই নৌকায় আলকাতরা লাগিয়ে মেরামতের কাজ করেন। তার কাছে এই নৌকা শুধু জীবিকার মাধ্যম নয়, বরং জীবনের দীর্ঘ পথচলার সঙ্গী।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, শীতলক্ষ্যা নদী আমাদের ঐতিহ্যের অংশ। নদী দূষণ রোধ এবং নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে যুক্ত মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হচ্ছে।
নদীর পরিবর্তিত বাস্তবতার মধ্যেও হোসেন মাঝির মতো মানুষরা এখনো শীতলক্ষ্যার সঙ্গে নিজেদের সম্পর্ক ধরে রেখেছেন। তাদের জীবনসংগ্রাম শুধু একজন মাঝির গল্প নয়, বরং হারিয়ে যেতে বসা নদীকেন্দ্রিক জনপদের ইতিহাস ও ঐতিহ্যেরও প্রতিচ্ছবি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন