গাজীপুরের কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে জেলা পরিষদের উদ্যোগে ৩৫০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে কালিয়াকৈর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন