খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)-এর তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) আভিযানিক টহল দল।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে মাটিরাঙ্গার সিলকপাড়া থেকে তাদের আটক করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, সিলকপাড়ার কর্ণ ত্রিপুরার বাড়িতে স্বশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের আভিযানিক দল বাড়িটি ঘিরে ফেলে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন ইউপিডিএফ সদস্যকে আটক করে নিরাপত্তাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা ইউনিয়নের কলাপাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা ইউনিয়নের মানসি পাড়ার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।
আটক ব্যক্তিদের উদ্ধারকৃত অস্ত্রসহ মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন