গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রয়োজনীয় সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় অবস্থিত কৃষিপণ্য ফিডস লিমিটেড-এ প্রয়োজনীয় বিএসটিআই সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড-এর বিরুদ্ধেও প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রয়-বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই আইনে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।
বিএসটিআই জানায়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন