নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দেয়। এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশের সহায়তায় ১২ জনকে আটক করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১২ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন