মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পর (তৃতীয় পর্যায়)’ আওতায় সোনাগাজীতে প্রদর্শনী পুকুরের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ এবং খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় নিজস্ব গৃহস্থালি পুকুরে কার্প-তেলাপিয়া, গুলশা, টেংরা এবং শিং-মাগুর চাষ প্রযুক্তির প্রদর্শনীর জন্য নির্বাচিত চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সবজি বীজ, বৃক্ষচারা, সাইনবোর্ডসহ প্রয়োজনীয় প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ফলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও চাষিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত চাষিদের হাতে প্রদর্শনী পুকুরের উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন