বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদীর তীরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মোংলা নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৫০–৫৫ বছরের মধ্যে ধরা হলেও তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোংলা উপজেলার সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোংলা নৌপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় নৌপুলিশ মরদেহটি প্রথমে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং পরে থানায় নিয়ে আসে।
প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাত, ক্ষতচিহ্ন বা রক্তক্ষরণের আলামত পাওয়া যায়নি।
মোংলা নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তা লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাহ্যিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের পড়নে সাধারণ পোশাক ছিল, তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি।
পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে এবং নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) আছে কি না তা যাচাই করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, নিহত ব্যক্তি হয়তো অন্য কোনো এলাকা থেকে নদীপথে এসে এখানে ভেসে উঠতে পারেন। কেউ কেউ বলছেন, অসুস্থতাজনিত কারণে কিংবা পানিতে ডুবে মৃত্যু ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কেউ নিখোঁজ হয়ে থাকলে বা মৃত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন