বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রহমত শেখ নামে এক যুবককে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত রহমত শেখ (২৮) একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর ইসরাফিল-ইয়াছিনসহ আরও কয়েকজন মিলে তাকে ধরে একটি কলাবাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রহমতকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত রহমতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার দুই হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন।
তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত রহমত এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী এলাকায় অভিযান চলছে।


