ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটে টাস্কফোর্সের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে কচুয়া সাইনবোর্ড বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধু মহল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি এবং ভাগ্যশ্রী মিষ্টান্ন ভান্ডারকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করেন।

অভিযানে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।