বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চিংগড়িয়া এলাকায় এই হামলা ও তাণ্ডব চলে। পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ শুরু হলে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। এ সময় ফারুক শেখের ছেলে রাজীব শেখ নিহত হন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিশ্বাস বাড়ির লোকজন শেখ বাড়ির প্রায় ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা সোনাদানা, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আরেক ভুক্তভোগী রিপন শেখ বলেন, তাদের বংশের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে রাজীব নামে একজন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন