ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বান্দরবানে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:১৭ পিএম
প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম উদ্বোধন ও অসহায় এক বৃদ্ধার হাতে তুলে দিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : রূপালী বাংলাদেশ

পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের লামা উপজেলার ১ হাজার ৯৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দেশের আরও ৯টি জেলার ১৭টি এলাকার সঙ্গে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত পরিবারগুলো এই সুবিধার আওতায় আসে।

লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান নারীপ্রধান পরিবারের প্রতিনিধিদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার আবদুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি।

জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সমমানের সহায়তা বা টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।