ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ২ পিস্তল ও গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:৫৩ এএম
অস্ত্র ও গুলিসহ আটকৃতরা দুই আসামি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। 

অভিযানে একটি ৯ মি.মি. টিটি ক্যালিবার পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ব্র্যান্ডের পিস্তল এবং ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল আলম (৩০) নামের আরেকজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহনের কাজ করছিলেন। পরিকল্পনা ছিল অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি হোটেলে অন্য পক্ষের কাছে হস্তান্তর করা।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।