ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

টানা বর্ষণে পাহাড়ধস, থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ

থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৫:২০ পিএম
ছবি : সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনায় বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর পড়ে। এতে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং থানচির সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে ধসে পড়া মাটি অপসারণের কাজ শুরু করেন। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।