ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০২ পিএম
ছবি : সংগৃহীত

র‌্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ছাতক উপজেলার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রজত দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিলন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ফিল্ড অফিসার বিদূষ বর্মন ও উষা রাণী দেবনাথ, তাতিকোনা সমবায় দলের নাইমা বেগম এবং মাধবপুর সমবায় দলের নেতা রোকসানা বেগম।

অনুষ্ঠানে বিএনপি নেতা আজর আলী মেম্বার, নিজাম উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহি উদ্দিন বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সমবায় সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই আত্মনির্ভরশীল গ্রাম গঠনের ভিত্তি।

আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।