ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১২:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় একটি ভবনে নির্মাণকাজ করতে গিয়ে শ্রমিক হাসান গাজীর (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে হাসান গাজীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। 

এর আগে সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নির্মাণ শ্রমিক হাসান গাজী প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানি বাজারের রিপনের বিল্ডিংয়ে শ্রমিকের কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন। তাৎক্ষণিক তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, ঘটনার পরে থানা থেকে পুলিশ গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হবে।