বগুড়ার ধুনটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল লতিফ উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

