ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল-১ আসন

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, বিএনপির ৭ জনকে শোকজ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে তার সমর্থকদের ওপর হামলা ও অব্যাহত হুমকির অভিযোগে বিএনপির প্রার্থীসহ সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

স্বতন্ত্র প্রার্থী নিজে বরিশালের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত আবেদন করলে তার প্রেক্ষিতেই এই নোটিশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার কমিটির প্রধান, বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এই নোটিশ জারি করেন। নোটিশপ্রাপ্তদের রোববার দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ জারি করে তা প্রতিবেদনসহ বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন- বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সরিকল গ্রামের বিপ্লব প্যাদা ও রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার ও মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের শাহজাহান ফকির।

পৃথক তিনটি নোটিশের মধ্যে একটি দেওয়া হয়েছে বিএনপির প্রার্থীকে, অপর একটি তার পাঁচ কর্মীকে এবং তৃতীয়টি দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জারি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, শুক্রবার বিকেলে নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, তার নির্দেশে সমর্থকরা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি কার্যক্রম পরিচালনার সময় নেতাকর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছেন। এ ঘটনায় তাকে রোববার সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দুটি নোটিশে বলা হয়েছে, ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে তারা একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলাকালে কর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে শারীরিকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে তাদের একই দিন ও একই সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।