ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

বরিশাল ব্যুরো
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে বেপরোয়াগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ পরিবহনের বাসটি ভাঙচুর করেছেন। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।

এ সময় দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলযোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম এবং শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় তাজ আনন্দ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হন। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। ঘাতক বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসছিল। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের অভিযান চলছে।