ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারীরা পাঁচ ঘণ্টা কাজ করে আট ঘণ্টার পারিশ্রমিক পাবে : জামায়াত নেতা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:২৩ পিএম
বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে পাঁচ বছর পর্যন্ত শিশুদের ও ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। নারীরা তাদের কর্মস্থলে ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করবে। তারা পাঁচ ঘণ্টা কাজ করে আট ঘণ্টার পারিশ্রমিক পাবে। এটাই হলো প্রকৃত ইনসাফ।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশনে সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অতিদ্রুত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। যদি না করেন, তাহলে ধরে নেওয়া হবে—কিছুদিন আগে যে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, একই কায়দায় আপনারা নির্বাচন করে আবারও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন।’

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতি জোর দেওয়া হবে। এর আগে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে এই সেতু নির্মাণের ওয়াদা করেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরিফের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল হক চান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় নির্বাচনি জনসভায় ভোলা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিনকে দাঁড়িপাল্লা প্রতীক হাতে তুলে দেন অধ্যাপক মুজিবুর রহমান।