ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমোহনে ছয় পা নিয়ে বিরল বাছুরের জন্ম

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩১ পিএম
ছয় পা-ওয়ালা বিরল বাছুরের জন্ম ভোলার লালমোহনে। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথাসংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।

জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, অতিরিক্ত পা থাকলেও বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

বাছুরটির মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, শুরুতে বিষয়টি দেখে তিনি দুশ্চিন্তায় পড়লেও এখন স্বস্তিতে আছেন। বাছুরটি স্বাভাবিকভাবে দাঁড়াচ্ছে ও চলাফেরা করছে বলেও জানান তিনি।

এদিকে, ছয় পা বিশিষ্ট বাছুরের জম্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন গরুর মালিকের বাড়িতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে বাছুরটি কিছুটা বড় হলে প্রয়োজন হলে অতিরিক্ত দুই পা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হতে পারে। বর্তমানে বাছুরটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।