ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথ অভিযানে বিপুল পাঙাশের পোনা ও জাটকা ইলিশ জব্দ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ঢাকাগামী একটি লঞ্চ থেকে বিপুল পরিমাণ পাঙাশের পোনা ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ সময়ে আহরণ করা প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ এবং অবৈধভাবে সংগ্রহ করা প্রায় ৫০ মণ পাঙাশের পোনা জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরা উপজেলার এক শ্রেণির অসাধু জেলে ও ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জাটকা ও পোনা আহরণ ও পরিবহন করে আসছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ বহনকারী ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘জাটকা ইলিশ দেশের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। একইভাবে পাঙাশের পোনা অবাধে আহরণ করলে মাছের উৎপাদন ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

জেলে ও ব্যবসায়ীদের সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার নির্দিষ্ট সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।